চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাইনুল হক (৭৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোল ঘরের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই ইমরান হোছাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০০ পিস ইয়াবাসহ মাইনুল হককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাইনুল হক শিবগঞ্জ উপজেলার উজিরপুর উত্তরপাড়া গ্রামের মৃত মঞ্জুর আলী মন্ডলের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

